কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির টিনশেড ঘরের পাঁচটি কক্ষ পুড়ে গেছে। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা চারটি পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত করছে ফায়ার সার্ভিস।
বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে নুসরাতের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে দুটি ছাগলের মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের সদস্যদের ভাষ্য, বাড়ির টিনশেড অংশে মোট আটটি কক্ষ ছিল। এর মধ্যে পাঁচটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশেই রয়েছে তিনতলা একটি ভবন। ওই ভবনের তৃতীয় তলায় নুসরাতের পরিবারের সদস্যরা থাকেন। তবে আগুন মূল ভবন পর্যন্ত ছড়ায়নি।
নুসরাতের ছোট ভাই ইস্তিয়াকের অভিযোগ, তাঁদের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে ফুটেজে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ইস্তিয়াক।
আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নেভানোর চেষ্টা করেন। পরে রাত ১২টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে তাঁরা বাড়িটিতে আগুন জ্বলতে দেখেন। এরপর প্রতিবেশীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করেন।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে বৃহস্পতিবার রাত ১টা ২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। পোস্টে তিনি জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না। তবে আগুনের ঘটনায় তাঁর কণ্ঠরোধ করা যাবে না উল্লেখ করে নিজের কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, আগুন লাগা ঘরটি গরু রাখার জন্য ব্যবহৃত হতো। প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেন এবং পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। ঘরে থাকা জীবিত গরুগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাঁর দাবি, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সদ্য সংবাদ/এজে