রাজধানীর কলাবাগান এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মির্জা আজমের এক ভাইকে আটক করে পুলিশের কাছে হস্তান্তরের দাবি করেছেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টা ১৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান নয়ন। সেখানে তিনি দাবি করেন, কলাবাগান থেকে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন যুবদলের নেতাকর্মীরা।
পোস্টের সঙ্গে প্রকাশিত একটি ভিডিওতে নয়নকে বলতে শোনা যায়, আটকের সময় পুলিশের একজন ডিআইজি ফোন করে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিলেন। এ ঘটনায় ওই কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ভিডিওতে আটক ব্যক্তির ওপর কোনো ধরনের শারীরিক নির্যাতন না করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিতে দেখা যায় নয়নকে। এ সময় তিনি বলেন, পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করাই তাদের কাজ। অন্যদিকে, আটক ব্যক্তিকে ভিডিওতে বলতে শোনা যায়, তিনি কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।
তবে আটক ব্যক্তির নাম-পরিচয় কিংবা মির্জা আজমের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মির্জা আজম আওয়ামী লীগের কোন পদে রয়েছেন, সেটিও পোস্টে উল্লেখ করেননি যুবদল নেতা।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্যও জানা যায়নি।
সদ্য সংবাদ/এজে