আরব নেতাদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ০৩:২৬:৩০
ছবি: সংগৃহীত

প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেকোনো ধরনের জোট বা সহযোগিতার বিরোধিতা করলেও বিরোধী নেতা গাদি আইজেনকোটের জোট গঠনের প্রচেষ্টা ঠেকাতে গোপনে আরব আইনপ্রণেতাদের সহায়তা চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অভিযোগ তুলেছেন জয়েন্ট লিস্টের সংসদ সদস্য আহমাদ তিবি। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেলের পাঠানো ব্যক্তিগত বার্তা প্রকাশ করেন।

সাক্ষাৎকারে তিবি জানান, গত ২৭ অক্টোবরের নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই এবং চূড়ান্ত ফল প্রকাশের পর নাতান এশেল তাঁকে একাধিক বার্তা পাঠিয়েছিলেন। এ সময় ক্যামেরার সামনে নিজের মুঠোফোন তুলে ধরে কয়েকটি বার্তা দেখান তিনি। তবে রেজল্যুশন কম থাকায় পর্দায় সেগুলোর লেখা স্পষ্টভাবে পড়া যায়নি।

তিবির দাবি, এসব বার্তা প্রমাণ করে যে আরব দলগুলোকে অবৈধ ও অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরতে নেতানিয়াহু যে প্রচারণা চালাচ্ছেন, তা চরম ভণ্ডামি। কারণ, নিজেদের রাজনৈতিক স্বার্থে লিকুদ পার্টিও আরবদের সমর্থন চেয়েছিল।

তিবি বলেন, সাধারণত তিনি ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আনেন না। কিন্তু গত ১০ নভেম্বর নবনির্বাচিত পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর বক্তব্য শোনার পর তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন। ওই ভাষণে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি জানান এবং ‘রা’আম’ বা ‘জয়েন্ট লিস্ট’-এর ওপর নির্ভরশীল কোনো জোট গঠনের বিরুদ্ধে সতর্ক করেন। পাশাপাশি আরব আইনপ্রণেতাদের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদে মদদ দেওয়া’, ‘ইসরায়েলের ধ্বংস চাওয়া’ এবং নির্বাচনে ‘ভোট চুরি’র মতো গুরুতর অভিযোগ তোলেন তিনি। নেতানিয়াহুর ওই বক্তব্যকে ‘ঘৃণাপূর্ণ’ বলে নিন্দা জানিয়েছিলেন আইজেনকোট। আরব দলগুলোও একে ‘বর্ণবাদী ও উসকানিমূলক’ বলে আখ্যা দেয়।

নেতানিয়াহুকে সরাসরি ‘ভণ্ড’ আখ্যা দিয়ে তিবি বলেন, ‘আপনি একজন ভণ্ড। নির্বাচনের এক সপ্তাহ আগে, নির্বাচনের পরদিন এবং ফলাফল প্রকাশের পর আবারও আপনি আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছিলেন।’

তিবি আরও দাবি করেন, চলতি সপ্তাহেই নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রী তাঁর সঙ্গে যোগাযোগ করে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিতে অনুরোধ করেছেন। একই সঙ্গে দেশকে আরেকটি নির্বাচনের দিকে ঠেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন ওই মন্ত্রী। তিবির ভাষ্য অনুযায়ী, মন্ত্রী তাঁকে বলেছিলেন, ‘ওদের বিশ্বাস করবেন না, ওরা আপনাদের জোটে নেবে না। এর চেয়ে বরং আমরা নতুন নির্বাচনের দিকে যাই, সেটাই ভালো হবে।’

জবাবে তিবি ওই মন্ত্রীকে জানান, জয়েন্ট লিস্ট নতুন কোনো নির্বাচন চায় না। বরং নেতানিয়াহু এবং উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরকে ক্ষমতা থেকে সরাতে চায় তারা। তিবির অভিযোগ, শিন বেতের প্রধান ডেভিড জিনির সহায়তায় বেন গভির ইসরায়েলের ২০ লাখ আরব নাগরিকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে উসকানি দিয়ে যাচ্ছেন।

তবে তিবির অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন লিকুদ পার্টি। চ্যানেল ১২-কে দেওয়া প্রতিক্রিয়ায় দলটি বলেছে, আরব দলগুলো নিজেদের বৈধতা প্রমাণে মিথ্যাচার করছে। লিকুদ এমন কোনো দলের সঙ্গে সহযোগিতা করে না, যারা জাতীয় সংগীতকে অসম্মান করে এবং ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) ক্ষতি করে।

নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর তোলা ‘ভোট চুরি’র অভিযোগও প্রত্যাখ্যান করেছেন আহমাদ তিবি। তিনি বলেন, ‘কেবল একজন চোরই অন্যকে চোর বলতে পারে। একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয়। এটি মূলত আরব জনগণের নেতৃত্ব এবং দেশের ২০ লাখ আরব নাগরিককে অবৈধ ও কোণঠাসা করার একটি অপচেষ্টা।’

উল্লেখ্য, ২৭ অক্টোবরের নির্বাচনের পর লিকুদ পার্টি ভোট কেনা ও বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল। তবে নির্বাচন কর্মকর্তারা ফলাফলে কারচুপির কোনো প্রমাণ পাননি। এমনকি অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা রোববার জানিয়েছেন, নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে পারে—এমন কোনো বিষয় তাঁর নজরে আসেনি।

সদ্যসমাপ্ত নির্বাচনে আরব ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণ ব্যাখ্যা করে তিবি বলেন, বিদায়ী সরকারের দমন-পীড়ন ও উসকানির বিরুদ্ধে ক্ষোভ থেকেই আরব জনগণ ভোটকেন্দ্রে গেছেন। তিনি একে ‘আত্মরক্ষার এক বীরত্বপূর্ণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেন। আরব সমাজে সহিংস অপরাধ বৃদ্ধি, বেন গভির ও বেজালেল স্মোট্রিচের মতো উগ্র ডানপন্থী নেতাদের বক্তব্য এবং আরবদের ‘অস্তিত্বের সংকট’ ভোটারদের জেগে ওঠার মূল কারণ বলে মনে করেন তিনি।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে চ্যানেল ১২-এর আরেকটি প্রতিবেদনে জানানো হয়, নাতান এশেল রা’আম দলের চেয়ারম্যান মনসুর আব্বাসের সঙ্গেও নির্বাচনের আগে, চলাকালে ও পরে একাধিকবার যোগাযোগ করেছিলেন। আইজেনকোটকে সরকার গঠনে সহায়তা না করতে এবং দুর্নীতির মামলায় অভিযুক্ত কোনো আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া থেকে বিরত রাখার প্রস্তাবিত আইনের পক্ষে সমর্থন না দিতেও আব্বাসকে অনুরোধ করা হয়েছিল। আব্বাস তখন নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করার কথা জানান। পরে তিনি এশেলের বার্তার জবাব দেওয়া বন্ধ করে দেন।

তবে নাতান এশেল নেতানিয়াহুর পক্ষ থেকে কোনো বার্তা পাঠানোর কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, ব্যক্তিগত কৌতূহল থেকেই কয়েকজন আরব নেতাকে তিনি জানতে চেয়েছিলেন, যারা তাঁদের জোটে নিতে চায় না, আত্মসম্মানবোধ থাকলে তাঁরা কীভাবে তাদের সমর্থন দেবেন।

সাক্ষাৎকারে ‘ইসরায়েল বেইতেনু’ দলের প্রধান আভিগদর লিবারম্যানের আরব দলগুলোর সঙ্গে বৈঠকে না বসার অবস্থানেরও সমালোচনা করেন তিবি। তিনি স্মরণ করিয়ে দেন, আগের ‘পরিবর্তন সরকারে’ আরব আইনপ্রণেতাদের সমর্থনেই লিবারম্যান অর্থমন্ত্রী হয়েছিলেন। তাঁদের ভোটেই নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির প্রধান নির্বাচিত হয়েছিলেন তিনি। লিবারম্যানের এই অবস্থানকেও ‘ভণ্ডামি’ বলে উল্লেখ করেন তিবি।

উল্লেখ্য, আরব দলগুলোর ওপর নির্ভরশীল কোনো সরকারে যোগ দিতে অস্বীকৃতি জানালেও নেতানিয়াহুর শাসনের অবসান এবং নতুন নির্বাচন এড়াতে অতি-রক্ষণশীল হারেদি দলগুলোর সঙ্গে জোট গঠনে আগ্রহ দেখিয়েছেন লিবারম্যান। এসব দলের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিষয়ে ছাড় দেওয়ারও নমনীয় ইঙ্গিত দিয়েছেন তিনি।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. সরকারের ব্যর্থতার কারণেই আ.লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, অভিযোগ হাসনাতের সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. আরব নেতাদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. সরকারের ব্যর্থতার কারণেই আ.লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, অভিযোগ হাসনাতের সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. আরব নেতাদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু সদ্য. শাপলা হত্যাকাণ্ডের দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী