দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটের সময়সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাঁচটি ধাপে সারা দেশে এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে কমিশন।
সোমবার (১৬ নভেম্বর) আসন্ন ইউপি নির্বাচন এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
ইসি কমিশনার জানান, প্রথম ধাপের পর দ্বিতীয় পর্যায়ে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি ইউনিয়নে ভোট নেওয়া হবে। তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কোন ইউনিয়নে কোন দিন ভোট হবে, সেই বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রথম ধাপের ভোটগ্রহণের ৫০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এ সংলাপ অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী আলোচনায় নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কমিশনের কাছে দাবি জানায়নি। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সদ্য সংবাদ/এসএস