রাজধানীর মিরপুরে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং তাদের করা জেল আপিলের বিষয়ে আগামীকাল রায় দেবেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের দিন নির্ধারণ করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ এজাজ কবির ও ওসমান চৌধুরী। অন্যদিকে, আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানি করেন।
মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য গত ৯ জুন হাইকোর্টে নথি পাঠানো হয়। এর আগে ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল তাদের মৃত্যুদণ্ড দেন। একই রায়ে সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার কথা বলা হয়। অর্থ আদায় না হলে আসামিদের সম্পত্তি ক্রোক ও বিক্রি করে তা পরিশোধের সুযোগও রাখা হয়েছে রায়ে।
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে হাইকোর্টে জেল আপিল করেন দুই আসামি। পরে ১৪ জুন তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত।
মামলার অভিযোগপত্র ও সংশ্লিষ্ট নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে মিরপুরের বাসা থেকে বের হওয়ার পর রামিসাকে কৌশলে নিজের ফ্ল্যাটে নিয়ে যান স্বপ্না। শিশুটিকে স্কুলে যাওয়ার জন্য খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা স্বপ্নার কক্ষের সামনে তার জুতা দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বালতির মধ্যে তার মাথা দেখতে পান তারা।
নথিতে উল্লেখ করা হয়েছে, স্বপ্না তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি তার স্বামী সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ করেন। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল। স্বপ্নাকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকেও গ্রেপ্তার করে পুলিশ।
তদন্ত শেষে ২৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন অভিযোগপত্রে থাকা ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন।
মামলাটি দায়েরের মাত্র ১৮ দিনের মধ্যে বিচারিক আদালতে রায় ঘোষণা করা হয়েছিল। এবার মৃত্যুদণ্ডের অনুমোদন ও আসামিদের আপিলের বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে মামলাটি।
সদ্য সংবাদ/এজে