সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সরকার। মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়ন চায় ঢাকা। এ লক্ষ্যে দিল্লির সঙ্গে একাধিক দফায় যোগাযোগও করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি জানান, সাজাপ্রাপ্ত আসামিদের ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে যে চুক্তি রয়েছে, বাংলাদেশ সেই কাঠামোর মধ্য দিয়েই বিষয়টির সমাধান প্রত্যাশা করছে। ভারত যেন চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে, সেটিই সরকারের চাওয়া।
এদিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্ত নিয়ে বিবিসির প্রতিবেদনের প্রসঙ্গ উঠলে শামা ওবায়েদ বলেন, ভারত আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান জানালে সরকার সেটি বিবেচনায় নেবে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এখনই এ বিষয়ে আলোচনার প্রয়োজন দেখছেন না তিনি।
বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক কেবল শেখ হাসিনাকে ঘিরে নয়; এর ঐতিহাসিক ও বিস্তৃত ভিত্তি রয়েছে। এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগেও দুই দেশের মধ্যে সম্পর্ক ছিল।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে দলটির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন তিনি। শামা ওবায়েদের মন্তব্য, লগি-বৈঠা কিংবা রামদা—আওয়ামী লীগের কর্মকাণ্ডের ধরনে কোনো পরিবর্তন আসেনি। অতীতের মতো এখনো তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
সদ্য সংবাদ/এজে