কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতে তৎপরতা শুরু করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন দলটির চার শীর্ষ নেতা।
ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর পথ খুঁজতে পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তাদের সঙ্গে ছিলেন শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সীমান্ত পরিদর্শনের পর তারা প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টিভি৯-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনগুলোতে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য বিভিন্ন পথ নিয়ে আলোচনা করছেন ওই চার নেতা। এ উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তাদের।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনেও একই ধরনের তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সম্ভাব্য পথ খুঁজতে পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও খতিয়ে দেখা হচ্ছে।
তবে এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রক্রিয়া জানতে চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে অনুরোধ জানিয়েছে ভারত। তবে ১০ দিন পেরিয়ে গেলেও এ বিষয়ে ঢাকা থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, পলাতক শেখ হাসিনা একজন সন্ত্রাসী। তাকে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ।
তবে শেখ হাসিনাকে কীভাবে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।
সদ্য সংবাদ/ এরআর