ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য মনোনীত জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ও নেতাদের ভোটকেন্দ্র এবং ভোটদানের সময়সূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-১১ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার বেরাইদে ফকির খালি রোডের মাথায় অবস্থিত এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
পঞ্চগড়-১ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম সকালে বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
নরসিংদী-২ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদীর ঘোড়াশাল পাইলট স্কুল কেন্দ্রে সকাল সাড়ে সাতটায় ভোট প্রদান করবেন।
রংপুর-৪ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন তার মাকে সঙ্গে নিয়ে কাউনিয়ার ভায়েরহাট কেন্দ্রে, যা টেপা মধুপুর এলাকায় অবস্থিত, ভোট দেবেন।
নোয়াখালী-৬ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সকাল আটটায় বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
কুমিল্লা-৪ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সকাল নয়টায় রসুলপুর ইউনিয়নের গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
ঢাকা-৯ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন সকাল সাড়ে আটটায় ৭১ নম্বর ওয়ার্ডের মারকাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করবেন।
এ ছাড়া এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকাল নয়টায় রাজধানীর নিউসার্কেটের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।