জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) চলমান সেমিনার সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেমিনার কক্ষের জন্য ৪ টন ক্ষমতাসম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিভাগের চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে এসিটি হস্তান্তর করা হয়। পরে জকসুর পক্ষ থেকে সরাসরি সেমিনার কক্ষে এটি স্থাপন করা হয়।
এ বিষয়ে জকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ বলেন, "জকসুর অন্যতম একটি ইশতেহার ছিল বিশ্ববিদ্যালয়ের সেমিনার লাইব্রেরিগুলোর সংস্কার ও আধুনিকায়ন করা। এরই ধারাবাহিকতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানের কাছে ৪ টন এসি হস্তান্তর করা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে সরাসরি সেটি স্থাপন করে দেওয়া হয়েছে।"
তিনি আরও জানান, শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরিতে ১০ টন এসি দেওয়া হয়েছে। এর মাধ্যমে ছাত্রীদের জন্য নির্ধারিত অংশের পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রণের আওতায় এসেছে। এ ছাড়া যেসব সেমিনারে বই দেওয়ার সুযোগ ছিল, সেখানে কোর্স আউটলাইন অনুযায়ী প্রয়োজনীয় বই উপহার দেওয়া হয়েছে। অন্যান্য প্রয়োজনীয় সেমিনারেও এসি স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
পাশাপাশি গণিত বিভাগসহ বেশ কয়েকটি বিভাগের ল্যাব আধুনিকায়নের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আলোচনা করা হয়েছে বলেও জানান জকসুর জিএস।
সেমিনার কক্ষে এসি স্থাপনের ফলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত ও আরামদায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সদ্য সংবাদ/ এরআর