রাজশাহীর তানোরে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি একতলা ভবনের দোকানঘর ভাড়া নিয়ে সেখানে বিএনপির কার্যালয়টি পরিচালিত হচ্ছিল। অগ্নিসংযোগের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন অভিযোগ করেন, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারাই এ কার্যালয়ে আগুন দিয়েছে বলে তিনি দাবি করেন। কলমা ইউনিয়নে বিএনপির একাধিক কার্যালয় থাকলেও আজিজপুরের কার্যালয়টি সবচেয়ে বড় হওয়ায় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তানোর থানার ওসি মাহমুদুল হাসান জানান, শেষরাতের দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সদ্য সংবাদ/এজে