নারীদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন স্থানীয় নারী নেতাকর্মীরা। তার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ, বক্তব্যের তদন্ত এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড় থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন। মিছিল ও সমাবেশে তারা আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার বক্তব্যের প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন ওয়াজ মাহফিল ও অনুষ্ঠানে নারীদের নিয়ে আমির হামজার দেওয়া বক্তব্য অসম্মানজনক এবং একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। তাদের মতে, এ ধরনের মন্তব্য নারীদের সামাজিক মর্যাদা ও সম্মানের পরিপন্থী।
বক্তারা বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেকের দায়িত্ব। বিশেষ করে একজন সংসদ সদস্যের বক্তব্যে শালীনতা ও দায়িত্বশীলতার প্রতিফলন থাকা প্রয়োজন। তাই তার বক্তব্যের যথাযথ তদন্ত করে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সমাবেশ থেকে আমির হামজার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন নারী নেতাকর্মীরা।
এ বিষয়ে বক্তব্য জানতে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কর্মসূচিতে কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্য সচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা ও মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস