রাজধানীর উত্তরায় পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মারসাদ আক্তার ঝুঁকিকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটে উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের ৩১ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মারসাদ আক্তারের গ্রামের বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা এলাকায়। তাঁর বাবার নাম গোলাম মোস্তফা এবং স্বামী সাজেদুল করিম। তিনি বেশ কিছুদিন ধরে উত্তরার ওই বাসায় বসবাস করছিলেন।
প্রাথমিক তদন্তে তাঁর রাজনৈতিক পরিচয় সম্পর্কেও তথ্য পেয়েছে পুলিশ। তিনি ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-মিলনায়তন সম্পাদিকা ও সহসভাপতি ছিলেন। পাশাপাশি ইডেন কলেজ শাখাসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ খালিদ মনসুর জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সদ্য সংবাদ/এজে