দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সচেতনতা, ঐক্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নেতারা। দুর্নীতি, সাম্প্রদায়িকতা ও সহিংসতামুক্ত সমাজ গঠনে রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন বলেও মত দিয়েছেন তাঁরা।
সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাঙামাটিতে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
সকালে শহরের হ্যাপির মোড় থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংগঠনটির প্রতিষ্ঠার ২৪ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের রাঙামাটি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা। সভা সঞ্চালনা করেন রাঙামাটি পৌর কমিটির সম্পাদক অ্যাডভোকেট ককসি তালুকদার।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের পেছনে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত ও স্বনির্ভর রাষ্ট্র গড়ার আকাঙ্ক্ষা কাজ করেছে। তবে স্বাধীনতার ৫৫ বছর পার হলেও সেই প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে সরে যাওয়ায় এর নেতিবাচক প্রভাব জনগণকে বহন করতে হয়েছে।
তাঁরা বলেন, সমাজে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও সহিংসতা বন্ধ করে মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন প্রতিরোধ এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে জনস্বার্থভিত্তিক রাজনীতির চর্চা বাড়াতে হবে।
বক্তাদের মতে, শুধু রাষ্ট্রীয় উদ্যোগে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণও অপরিহার্য। নাগরিকদের সচেতন ও সংগঠিত হওয়ার পাশাপাশি যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
সভায় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গুনেন্দু চাকমা, রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, সুজনের জেলা কমিটির সম্পাদক এম. জিসান বখতিয়ার, সহসভাপতি সুকুমার বড়ুয়া, সদস্য ইন্দ্র দত্ত তালুকদার, পৌর কমিটির সভাপতি কাজী মঈনুল হোসেন, সদর উপজেলা কমিটির সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন এবং সুজনবন্ধু জেলা কমিটির সভাপতি সুজন বড়ুয়া।
এ সময় সুজনের জেলা ও পৌর কমিটির নেতাকর্মী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এজে