পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের অভিযানে চার লিটার অবৈধ চোলাইমদসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে মো. রাহাত হাওলাদার (২০) এবং বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে মো. রাসেল গাজী (১৯)।
পুলিশ জানায়, কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল হক খানের নেতৃত্বে একটি দল কোম্পানিপাড়া এলাকায় অভিযান চালায়। শাহআলম মোল্লার চায়ের দোকানের পশ্চিম পাশে পাকা সড়ক থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চার লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৪(ক)/৪১ ধারায় কলাপাড়া থানায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ১১ এবং তারিখ ১২ নভেম্বর ২০২৬।
গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এসএস