দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী যেন নিজ নিজ উপজেলা থেকেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করা হবে। এ কার্যক্রমে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী কাজ করবেন।
তিনি আরও বলেন, বিগত সরকারগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য খাতে উত্তরাধিকার সূত্রে একটি বেহাল পরিস্থিতি পাওয়া গেছে। সারা দেশেই জনবল সংকট, অকেজো চিকিৎসা সরঞ্জাম এবং অব্যবস্থাপনার চিত্র দেখা যাচ্ছে। অনেক জায়গায় প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও সেগুলো পরিচালনার জন্য দক্ষ জনবল নেই। আবার অনেক স্থানে মেডিকেল কলেজ নির্মাণ করা হলেও নিজস্ব ক্যাম্পাস গড়ে তোলা হয়নি।
তিনি বলেন, উন্নয়নের নামে যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা থেকে উত্তরণে প্রয়োজন পরিকল্পিত ও সমন্বিত কার্যক্রম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুল আমীন, সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ানসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
সদ্য সংবাদ/এসএস