রক্ষণাবেক্ষণ ও জরুরি সংস্কারকাজের কারণে শুক্রবার (১৩ নভেম্বর) রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায় দুই দফায় মোট সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম দফায় সাড়ে ৪ ঘণ্টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় দফায় ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ১১ কেভি আশরতপুর ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, ভিআইপি শাহাদাত, তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় এবং আবু সাঈদ চত্বরসংলগ্ন এলাকা।
নেসকো জানিয়েছে, বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাই এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য এ সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে অপেক্ষা না করেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সদ্য সংবাদ/এসএস