সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের সহযোগিতার অভিযোগে এক ব্যক্তিকেও আটক করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাতে উপজেলার বাঁশতলা সীমান্তে এ অভিযান চালানো হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা যায়, বাঁশতলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে আসা ছয়জনকে আটক করা হয়। পরে তাদের সহায়তার অভিযোগে ঘটনাস্থল থেকে আরও একজনকে আটক করে বিজিবি।
আটক ছয়জনের মধ্যে দুজন গোপালগঞ্জ জেলার এবং চারজন মাদারীপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় বিস্তারিত জানানো হয়নি।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, আটক ছয়জন দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে কাজ করছিলেন। কীভাবে তারা ভারতে গিয়েছিলেন, কোন পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের সহযোগিতার অভিযোগে একজন মানব পাচারকারীও আটক রয়েছেন।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নজরদারি ও অভিযান জোরদার রয়েছে।
সদ্য সংবাদ/এজে