পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মীর, ইউনিয়ন পরিষদের সদস্য মো. রিপন সরদার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী ও আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর হোসেন।
পুলিশ জানায়, গত ৯ নভেম্বর রাত দেড়টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক আটকে বিক্ষোভ করেন। এ সময় তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা ছিল। একপর্যায়ে কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানো হয় এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় সেতুর দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর বৃহস্পতিবার পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার চারজন এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।
সদ্য সংবাদ/এজে