সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংসদ সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইন প্রণয়নের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের তদারকি করাও জনপ্রতিনিধিদের অন্যতম সাংবিধানিক দায়িত্ব।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারবিষয়ক এক অরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউএনডিপি বাস্তবায়িত ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ। বিভিন্ন পেশার অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এ সংসদে এসেছেন। তাঁদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের আকার ও পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোর বাস্তবায়নে কারিগরি ও প্রশাসনিক জটিলতাও বৃদ্ধি পেয়েছে। তাই সরকারি ক্রয়প্রক্রিয়াসহ উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনার সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সামঞ্জস্য নিরূপণের আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা জনপ্রতিনিধিদের দায়িত্ব। এ ধরনের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ সময় পর একটি নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়িত্ব ও জবাবদিহি বেড়েছে। ২০১৫ সালে এসডিজি গ্রহণের পরও আগের সংসদগুলোতে এর বাস্তবায়নে প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সক্ষমতা এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে স্বচ্ছতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ।
এ সময় মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালক এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে স্পিকার সংসদীয় উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
সদ্য সংবাদ/এসএস