কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি শামছুল হক। নয়নের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, গোপালগঞ্জে এলে তাকে আরও কঠোর জবাব দেওয়া হবে।
রোববার সকালে আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচি ঘিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন শামছুল হক।
রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ করে তিনি বলেন, ঢাকায় বসে যেসব কর্মকাণ্ড চালানো হচ্ছে, গোপালগঞ্জে এলে তার দ্বিগুণ জবাব দেওয়া হবে। সাহস ও সক্ষমতা থাকলে তাকে গোপালগঞ্জে আসার আহ্বান জানান শামছুল হক।
এ সময় পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারসহ আশপাশের জেলার ছাত্রদল নেতাকর্মীদের প্রসঙ্গও তোলেন তিনি। শামছুল হকের দাবি, কেন্দ্রীয় নির্দেশনা পেলে কয়েকজন নেতাকর্মী গোপালগঞ্জে আসার কথা বলছেন।
তাদের উদ্দেশে তিনি টুঙ্গিপাড়ায় আসার আহ্বান জানান। একই সঙ্গে অতিথি আপ্যায়নের কথা উল্লেখ করে এমন মন্তব্য করেন, যা তার বক্তব্যে হুমকির ইঙ্গিত হিসেবে দেখা যায়।
এ ছাড়া বিএনপি, জামায়াত ও এনসিপির উদ্দেশেও বক্তব্য দেন শামছুল হক। তার দাবি, টুঙ্গিপাড়ায় বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এলাকায় চাঁদাবাজি, মস্তানি বা উচ্ছৃঙ্খলতা নেই বলেও দাবি করেন তিনি। এই পরিবেশ নষ্টের চেষ্টা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন।
বক্তব্য দেওয়ার সময় টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান, ছাত্রলীগ নেতা সম্রাটসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস