রাজধানীর হাতিরঝিলে প্রবাসী সানাউল্লাহ গনিকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় আখতার হোসেন ওরফে কুদ্দুস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। তিনি এ মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার মো. মেহেদী ইমরান সিদ্দিকী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৮ নভেম্বর বিকেলে পূর্বউলন ও পশ্চিম রামপুরা এলাকার মধ্যবর্তী স্থান থেকে আখতার হোসেনকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আখতার পশ্চিম রামপুরার বাসিন্দা। তার বয়স ৪২ বছর।
মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসআরবি জানায়, ৩৫ বছর বয়সী সানাউল্লাহ গনি দুই মাস আগে কাতার থেকে দেশে ফেরেন। এরপর তিনি রামপুরার বাগিচারটেক এলাকায় বসবাস করছিলেন। ওই এলাকায় মাদক কারবার ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত একটি চক্রের কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে বিরোধ তৈরি হয়।
অভিযোগ অনুযায়ী, গত ২১ নভেম্বর মেসেঞ্জারে সানাউল্লাহর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে চক্রটির সদস্যরা। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এর দুই দিন পর, ২৩ নভেম্বর দুপুরে বাগিচারটেক গ্যারেজ পট্টির একটি গ্যারেজে হামলা চালায় অভিযুক্তরা। এ সময় গ্যারেজের নিরাপত্তাকর্মীদের মারধর এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে গ্যারেজের মালিককে না পেয়ে সেখান থেকে বের হওয়ার সময় পাশের গলিতে সানাউল্লাহকে দেখতে পায় হামলাকারীরা। একপর্যায়ে তার পথ আটকে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়।
এসআরবি-৩ জানায়, হাতিরঝিল থানা পুলিশের অনুরোধে মামলাটির ছায়া তদন্ত শুরু করে ব্যাটালিয়নটি। তদন্তের ধারাবাহিকতায় এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসএস