ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বায়ুদূষণের অভিযোগে সরাইলের একটি অটো রাইস মিলকে আরও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলামের নেতৃত্বে বিজয়নগর উপজেলার ইসলামপুর ও বুধন্তী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স দিয়ানা ব্রিকস ও মেসার্স জনতা ব্রিকসকে ১০ লাখ টাকা করে এবং মেসার্স মোল্লা ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী জরিমানার ২৫ লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ ছাড়া সরাইলের শান্তিনগরে হাজী রমজান আলী অটো রাইস মিলকে বায়ুদূষণের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক নাজিম হোসেন শেখ উপস্থিত থেকে অভিযান সমন্বয় করেন। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিদর্শক মো. রাখিবুল হাসান।
এ সময় ইটভাটার মালিকদের অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক অথবা ফ্লাই অ্যাশ, চুন ও জিপসাম দিয়ে তৈরি এফএএল-জি (FAL-G) ইট উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।
পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সদ্য সংবাদ/ এরআর