চলচ্চিত্র অঙ্গনের ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। প্ল্যাটফর্মটির আহ্বায়ক হেলাল খানের নেতৃত্বে কাজ করতে অনিচ্ছা এবং সাম্প্রতিক বিরোধের জেরে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় পদত্যাগের বিষয়টি জানান জয়। তিনি বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে হেলাল খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন এই অভিনেতা। তাঁর দাবি, হেলাল খান শিল্পীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং গালিগালাজ করেছেন। এমনকি হেলাল খানের সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন বহিরাগত তাঁর সামনেই শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন জয়।
এ ছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সংগঠনটির সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।
জয় চৌধুরী ও হেলাল খানের মধ্যে বিরোধের সূত্রপাত হয় সম্প্রতি এফডিসিতে আয়োজিত একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতিকে কেন্দ্র করে। গত রোববার বিকেলে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে জয় চৌধুরীসহ কয়েকজনের অংশ না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন হেলাল খান।
পরে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ওই সময় জয়কে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে আক্রমণ করেন হেলাল খান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্মটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন হেলাল খান। এর সদস্যসচিব শিল্পী সমিতির সভাপতি শিবা শানু। আর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন জয় চৌধুরী। সাম্প্রতিক বিরোধের পর এবার সেই পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।
সদ্য সংবাদ/এজে