মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটে উত্তেজনা তৈরির প্রায় ১০ মাস পর আবারও ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণের সম্ভাবনা দেখা দিয়েছে। ২০২৭ সালের আইপিএল নিলামে অংশ নিতে সাত বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
নিলামের তালিকায় নাম লেখাতে যাওয়া ক্রিকেটাররা হলেন—মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম আয়োজনের সূচি রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিলাম আয়োজনের নিয়মিত প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। এই যোগাযোগের তালিকায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ফলে বাংলাদেশের খেলোয়াড়দের নিলামে নাম নিবন্ধনের সুযোগ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে মুস্তাফিজকে ঘিরে আইপিএলে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। গত ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আইপিএলে এটিই ছিল সর্বোচ্চ পারিশ্রমিক। তাঁকে দলে নিতে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল।
তবে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার খবরকে কেন্দ্র করে ভারতে মুস্তাফিজের অংশগ্রহণ নিয়ে সমালোচনা শুরু হয়। এর ধারাবাহিকতায় বিসিসিআইয়ের নির্দেশনার পর জানুয়ারিতে তাঁকে দল থেকে ছেড়ে দেয় কেকেআর। পাশাপাশি বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও পায় ফ্র্যাঞ্চাইজিটি।
মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। এর প্রতিবাদে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ জানায় বিসিবি।
তবে বাংলাদেশের সেই প্রস্তাব গ্রহণ করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। পরে টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় অন্তর্ভুক্ত হয় স্কটল্যান্ড।
এবার ২০২৭ সালের আইপিএল নিলামে সাত বাংলাদেশি ক্রিকেটারের নাম নিবন্ধনের খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে নিলামে তাঁদের চূড়ান্ত অংশগ্রহণ এবং কোন ক্রিকেটার দল পাবেন, তা নির্ভর করবে পরবর্তী প্রক্রিয়ার ওপর।
সদ্য সংবাদ/এজে