দেশের প্রতিটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মন্দির নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে প্রকল্প দলিল তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
সংসদে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানতে চান, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দির নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না। পাশাপাশি এ ধরনের উদ্যোগ থাকলে বাস্তবায়নের সম্ভাব্য সময় সম্পর্কেও জানতে চান তিনি।
জবাবে ধর্মমন্ত্রী জানান, আপাতত প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলমান রয়েছে। তবে প্রকল্পটি কবে নাগাদ বাস্তবায়ন শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা তিনি উল্লেখ করেননি।
সদ্য সংবাদ/এসএস