বুধবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। নতুন প্রধান বিচারপতি আগামী রোববার শপথ নেবেন।
বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত বছর ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। আগামী শনিবার তিনি অবসরে যাবেন। সুপ্রিম কোর্টের বার্ষিক ছুটির কারণে তার শেষ কর্মদিবস ছিল গত বৃহস্পতিবার। ঐদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের উপর মাস্টার্স সম্পন্ন করেন।
তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে ও ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।