দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
রোববার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত ৫ মার্চ ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আনিস আলমগীর। তবে দুর্নীতি দমন কমিশনের পৃথক একটি মামলায় গ্রেপ্তার দেখানো থাকায় তিনি মুক্তি পাননি। সেই মামলায় করা জামিন আবেদনও এদিন খারিজ করে দেন আদালত।
গত ১৪ ডিসেম্বর রাত আটটার পর জিজ্ঞাসাবাদের কথা বলে গোয়েন্দা পুলিশের একটি দল সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরে মধ্যরাতে ‘রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার’ অভিযোগে তাঁরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
ওই মামলায় আদালত আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।