ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আগামী ২০ আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ তারিখ নির্ধারণ করেন।
আদালত সূত্র জানায়, বুধবার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি ১৮ বার সময় পেল।
এর আগে মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন করলে গত ১৫ জানুয়ারি আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন।
গত ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর সিআইডি আরও দুইজনকে গ্রেপ্তার করে। বর্তমানে মামলায় ১৩ জন আসামি কারাগারে রয়েছেন বলে জানা গেছে।
গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হলে পরে তা হত্যা মামলায় রূপ নেয়।