জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ২২ নভেম্বর। আবেদন চলবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার ভর্তি পরীক্ষার এমসিকিউ অংশের নম্বর ৮০ থেকে বাড়িয়ে ৯০ করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ইউনিটে আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত কমানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজার সই করা ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।
ভর্তি পরীক্ষা আগামী বছরের ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। তবে শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে পরীক্ষা নেওয়া হবে না। কোন ইউনিটের পরীক্ষা কোন দিন অনুষ্ঠিত হবে এবং আসনবিন্যাস কীভাবে করা হবে, তা পরে জানানো হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ ডিসেম্বর থেকে ডাউনলোড করা যাবে।
প্রতিটি ইউনিটে ৯০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮০টি প্রশ্নের প্রতিটির মান ১ দশমিক ১২৫। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২০ নম্বর কাটা যাবে। পাস নম্বর ৪০। পরীক্ষার সময় ৫৫ মিনিট। ওএমআর পূরণের জন্য অতিরিক্ত পাঁচ মিনিট সময় দেওয়া হবে।
ছয়টি ইউনিট ও একটি ইনস্টিটিউটের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)। ‘বি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদের পাশাপাশি এবার যুক্ত হয়েছে আইন অনুষদ। ‘সি’ ইউনিটে কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট রয়েছে। ‘সি-১’ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ, ‘ডি’ ইউনিটে জীববিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা হবে। ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) আলাদাভাবে শিক্ষার্থী ভর্তি করবে।
২০২৩ ও ২০২৪ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর ন্যূনতম শর্ত ইউনিট ও শিক্ষার্থীর বিভাগভেদে আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।
‘এ’ ইউনিটে আবেদন করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে মোট জিপিএ ৭ দশমিক ৫০ এবং পৃথকভাবে ৩ দশমিক ৫০ থাকতে হবে। ‘বি’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭ দশমিক ৫০ ও পৃথকভাবে ৩ দশমিক ৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬ দশমিক ৫০ ও পৃথকভাবে ৩ থাকতে হবে।
‘সি’ ইউনিটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭ দশমিক ৫০ ও পৃথকভাবে ৩ দশমিক ৫০ এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬ দশমিক ৫০ ও পৃথকভাবে ৩ থাকতে হবে। ‘সি-১’ ইউনিটে মোট জিপিএ ৬ দশমিক ৫০ ও পৃথকভাবে ৩ থাকতে হবে।
‘ডি’ ইউনিটে মোট জিপিএ ৮ এবং পৃথকভাবে ৩ দশমিক ৫০ থাকতে হবে। ‘ই’ ইউনিট ও আইবিএ-জেইউতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৭ দশমিক ৫০ ও পৃথকভাবে ৩ দশমিক ৫০ এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মোট জিপিএ ৬ দশমিক ৫০ ও পৃথকভাবে ৩ থাকতে হবে।
গত শিক্ষাবর্ষের তুলনায় এবার ‘এ’ ইউনিটে আবেদনের ন্যূনতম মোট জিপিএ ৮ দশমিক ৫০ থেকে কমিয়ে ৭ দশমিক ৫০ করা হয়েছে। ‘ডি’ ইউনিটে তা ৯ থেকে কমিয়ে ৮ করা হয়েছে। এ ছাড়া পৃথক পরীক্ষায় ন্যূনতম জিপিএর শর্ত ৪ থেকে কমিয়ে ৩ দশমিক ৫০ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার ৯০ নম্বরের সঙ্গে মাধ্যমিকের জিপিএকে শূন্য দশমিক ৭৫ এবং উচ্চমাধ্যমিকের জিপিএকে ১ দশমিক ২৫ দিয়ে গুণ করে প্রাপ্ত নম্বর যোগ করা হবে। এভাবে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। আসনসংখ্যার সর্বোচ্চ ১০ গুণ শিক্ষার্থীকে মেধাতালিকায় রাখা হবে।
‘সি-১’ ইউনিটের নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগে ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট ইউনিটের নোটিশ বোর্ডে ফল পাওয়া যাবে। সংবাদপত্রে ফল প্রকাশ করা হবে না।
ও-লেভেল ও এ-লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে এ গ্রেডের জন্য ৫, বি গ্রেডের জন্য ৪, সি গ্রেডের জন্য ৩ দশমিক ৫ এবং ডি গ্রেডের জন্য ৩ পয়েন্ট গণনা করা হবে। অন্য কোনো গ্রেড থাকলে ইকুইভ্যালেন্স কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষায় অতিরিক্ত সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইউনিটপ্রধান বরাবর সাদা কাগজে আবেদন করে অনুমতি নিতে হবে। শ্রুতিলেখক হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ এসএসসি বা সমমান হতে হবে।
‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে আবেদনের ফি ৮০০ টাকা করে। ‘ই’ ইউনিটে ৭০০ টাকা এবং ‘সি-১’ ইউনিট ও আইবিএ-জেইউতে ৬০০ টাকা করে ফি দিতে হবে। এর সঙ্গে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
এবার বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। এর কারণ হিসেবে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে জানুয়ারি মাসে পরীক্ষার জন্য সময়সূচি বা স্লট না পাওয়ার কথা জানিয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামছুল আলম।
তিনি বলেন, ‘জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করেই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাই। তবে তাদের স্লট বুক ছিল। এবার বিভাগীয় শহরে পরীক্ষা নিলে আমরা এপ্রিলের দিকে স্লট পেতাম। তাই একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এবার আমরা বিভাগীয় শহরে পরীক্ষা নিচ্ছি না। তবে পরেরবার যেন নেওয়া যায়, সে লক্ষ্যে অনেক কাজ আমরা এগিয়ে রেখেছি।’
সদ্য সংবাদ/ এআর