স্ত্রীর দায়ের করা মামলায় কারাগারে চিলমারী কলেজের প্রভাষক

আ
আনারুল ইসলাম রানা (কুড়িগ্রাম প্রতিনিধি)
১৩ নভেম্বর, ২০২৬ ১৮:০১:১০
ছবি: সদ্য সংবাদ

স্ত্রীর দায়ের করা যৌতুক ও নির্যাতনের মামলায় কুড়িগ্রামের চিলমারী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক এস এম ওয়ালি উল্লাহকে (৪৩) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে চিলমারী কলেজ মোড় এলাকা থেকে পুলিশের একটি বিশেষ দল তাঁকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২ জুলাই বাদীর সঙ্গে ওয়ালি উল্লাহর নিবন্ধিত বিয়ে হয়। বিয়ের পর তাঁরা চিলমারী উপজেলা শহরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযুক্ত ওই কলেজে ভূগোল বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।

বাদীর অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন স্বামী। দাবির টাকা দিতে না পারায় তাঁকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। অভিযোগে বলা হয়েছে, গত ২৭ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে আবারও টাকা দাবি করেন ওয়ালি উল্লাহ। এতে রাজি না হওয়ায় স্ত্রীকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার পর অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি বাদী। পরে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠানো হয় এবং জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমেও বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। তবে সমঝোতা হয়নি বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

পরে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ) ধারায় আদালতে মামলা করেন ভুক্তভোগী নারী। মামলার নথিতে চিকিৎসা গ্রহণের তথ্য, আইনি নোটিশ ও লিগ্যাল এইড অফিসের প্রতিবেদন সংযুক্ত রয়েছে।

মামলার বাদী অভিযোগ করেন, বিয়ের আগে নানা প্রতিশ্রুতি দিয়ে তাঁকে বিয়েতে রাজি করানো হয়েছিল। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অন্যদিকে ওয়ালি উল্লাহর মা মোছা. আনোয়ারা বেগম ছেলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের আইন ও আদালত রয়েছে; আইন অনুযায়ী যা হওয়ার, তা-ই হবে।

চিলমারী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মজিবল হায়দর চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, স্ত্রীর দায়ের করা মামলায় ওয়ারেন্টের ভিত্তিতে ১১ নভেম্বর ওয়ালি উল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কে নিহত ৪ সেনাসদস্য সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজন করা হচ্ছে নাগরিক স্মরণসভা সদ্য. অতীতের ফ্যাসিবাদকে মানুষ এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী সদ্য. আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, কিনতে পারবেন যারা সদ্য. স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী সদ্য. ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সদ্য. সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কে নিহত ৪ সেনাসদস্য সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার জুড়ে যানজট সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান