শেরপুরের শ্রীবরদীতে মানব পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সেলিম মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে বাহিনীটি। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) শ্রীবরদী উপজেলার বাবলাকোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সেলিমকে আটক করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
আটক সেলিম মিয়া উপজেলার বোগলাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ওয়াদুদ মিয়ার ছেলে। আটকের পর তাকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে মানব পাচারের সঙ্গে আরও দুজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তারা হলেন শ্রীবরদী উপজেলার ঝুলগাঁও গ্রামের স্বপন এবং বৈষ্ঠমপাড়া গ্রামের সুমন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি মানব পাচারসহ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানিয়েছে বাহিনীটি।
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে এসব অপরাধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সদ্য সংবাদ/এজে