ইরানের জ্বালানি অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার কারণে বায়ুমণ্ডলে অন্তত ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর অভিযোগ, এসব হামলায় শুধু অবকাঠামোর ক্ষতিই হয়নি, পরিবেশের ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়েছে।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন।
পেজেশকিয়ানের দেওয়া হিসাব অনুযায়ী, দক্ষিণ ইরানের আসালুয়েহ অঞ্চলে গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় হামলার ঘটনায় প্রায় ৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে। এ ছাড়া তেহরানের আশপাশে জ্বালানি সংরক্ষণাগারে হামলার ফলে আরও ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড বায়ুমণ্ডলে মিশেছে।
ইরানের প্রেসিডেন্টের ভাষ্য, গত ৭ মার্চ তেহরানের কাছের একটি তেল সংরক্ষণাগারে হামলা চালায় ইসরাইল। এর ১১ দিন পর, ১৮ মার্চ দক্ষিণাঞ্চলীয় আসালুয়েহ এলাকায় গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক অভিযানের ধারাবাহিকতায় এসব হামলা হয়েছে বলে দাবি তাঁর।
বক্তব্যে পেজেশকিয়ান বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যখন বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন সামরিক সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস ও অগ্নিকাণ্ডের ঘটনা পরিবেশের জন্য নতুন সংকট তৈরি করছে। এসব ঘটনায় বায়ুতে ক্ষতিকর ও দূষণকারী উপাদান ছড়িয়ে পড়ছে, যা জলবায়ু সুরক্ষার বৈশ্বিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি।
গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়েও উদ্বেগ জানান ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, সেখানে অবকাঠামো ও পানিসম্পদের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে অঞ্চলটি মানবিক সংকটের পাশাপাশি পরিবেশগত বিপর্যয়েরও শিকার হচ্ছে।
এ ছাড়া ইরানের সংরক্ষিত বনাঞ্চল ও প্রাকৃতিক এলাকা এবং পরিবেশ সংরক্ষণে কাজ করা রেঞ্জার স্টেশনগুলোতে হামলার অভিযোগও করেন পেজেশকিয়ান। তাঁর মতে, এসব ঘটনার ফলে দেশের প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আগামী প্রজন্মের জন্য পরিবেশগত ঝুঁকি বাড়ছে।
এসব ক্ষয়ক্ষতির বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। ইরান ও গাজায় সামরিক অভিযানের কারণে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে নথিভুক্ত করার পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান পেজেশকিয়ান।
সম্মেলনে ইরানের পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের অগ্রগতির তথ্যও তুলে ধরেন তিনি। পেজেশকিয়ান জানান, গত দুই বছরে দেশটির নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা ১ হাজার ২৫০ মেগাওয়াট থেকে বেড়ে ৬ হাজার ১৫০ মেগাওয়াট ছাড়িয়েছে।
তাঁর দাবি, ২০২৬ সালে ইরানে ৪৫০ কোটি কিলোওয়াট-ঘণ্টার বেশি পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর ফলে প্রায় ২৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এড়ানো সম্ভব হয়েছে।
বক্তব্যের শেষ পর্যায়ে শান্তি প্রতিষ্ঠার সঙ্গে পরিবেশ সুরক্ষার সম্পর্ক তুলে ধরে পেজেশকিয়ান বলেন, পৃথিবীকে নিরাপদ রাখতে হলে স্থায়ী শান্তি নিশ্চিত করা প্রয়োজন।
সদ্য সংবাদ/এজে