রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আবর্জনাকে পরিবেশের জন্য বোঝা হিসেবে না রেখে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে আমিনবাজার ল্যান্ডফিল থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেক্টরে একটি আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতি পরিবর্তন করে বর্জ্যকে উৎপাদনমুখী সম্পদে পরিণত করতে চায় ডিএনসিসি। এ লক্ষ্যে আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার প্রত্যাশা রয়েছে।
অনুষ্ঠানে বর্জ্য সংগ্রহ ও পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রশাসক। তিনি জানান, নির্ধারিত এসটিএসের বাইরে কিংবা সড়কের ওপর বর্জ্য ফেলে রাখার সুযোগ দেওয়া হবে না। পরিচ্ছন্নতাকর্মী ও ভ্যানচালকদের সংগৃহীত আবর্জনা সরাসরি নির্ধারিত কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশনা দেন তিনি।
নবনির্মিত এসটিএসটির আয়তন ৩ হাজার ১৫০ বর্গফুট এবং দৈর্ঘ্য ১০০ ফুট। আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ির মানুষের ভোগান্তি কমাতে পরিবেশবান্ধবভাবে কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এ ছাড়া বর্জ্য থেকে দুর্গন্ধ ও জীবাণু ছড়ানো ঠেকাতে প্রতিদিন এসটিএসের ভেতরে ও আশপাশে পানি দিয়ে পরিষ্কার এবং ব্লিচিং পাউডার ব্যবহারের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক। নির্ধারিত নিয়ম অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে কঠোর নজরদারির মাধ্যমে রাজধানীকে আরও পরিচ্ছন্ন করার প্রত্যাশা করছে ডিএনসিসি।
সদ্য সংবাদ/এজে