প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে কারাগার থেকে বের হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম।
কারা সূত্র জানায়, বিদিশার জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র মঙ্গলবার সকালে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। পরে নিয়ম অনুযায়ী নথিগুলো যাচাই-বাছাই করা হয়। কাগজপত্রে কোনো অসঙ্গতি না পাওয়ায় তার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে কর্তৃপক্ষ।
এরপর বিকেলে কারাগারের আনুষ্ঠানিকতা শেষে সোয়া ৫টার দিকে বিদিশাকে মুক্তি দেওয়া হয়। তিনি কারাগার থেকে বেরিয়ে যান।
এর আগে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়েছিল। একটি প্রতারণা মামলায় আদালতের দেওয়া দুই বছরের সাজা কার্যকরের জন্য তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পরদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন প্রত্যাখ্যান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
সেখানেই প্রায় দুই সপ্তাহ থাকার পর মঙ্গলবার জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক।
সদ্য সংবাদ/এসএস