আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির অবস্থান শনাক্ত করা গেলে তাদের গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নিজের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদেরসহ দণ্ডিত আসামিরা বর্তমানে কোথায় রয়েছেন এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, তাদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে অবস্থান শনাক্ত হলে আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, অভিযোগগুলোর অধিকাংশই সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। কয়েকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডও দেওয়া হয়েছে।
তিনি জানান, মামলাটিতে প্রত্যেক আসামির বিরুদ্ধে চারটি করে অভিযোগ আনা হয়েছিল। একই রায়ে পাঁচ আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এসব সম্পদ থেকে প্রাপ্ত অর্থ জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের কল্যাণে ব্যয় করার নির্দেশনা রয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি এবং ব্যক্তিগত দায় দুই ধরনের বিষয়ই সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তার দাবি, ২০২৪ সালের ১৯ জুলাই ১৪ দলীয় বৈঠকে কারফিউ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের পর এবং ওবায়দুল কাদেরের কথিত ‘শুট অ্যাট সাইট’ নির্দেশের প্রেক্ষাপটে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটে।
পলাতক আসামিদের বিভিন্ন বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে আমিনুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে চলা বিচারপ্রক্রিয়া সম্পর্কে তারা অবগত ছিলেন। এরপরও তারা আদালতের কার্যক্রমে অংশ নেননি। তার মতে, ইচ্ছাকৃতভাবে পলাতক থাকা আসামিদের বক্তব্যের আইনগত গ্রহণযোগ্যতা নেই।
তিনি আরও বলেন, কোনো আসামি ইচ্ছাকৃতভাবে পলাতক থাকলে প্রচলিত আইন ও বিধান অনুযায়ী তার অনুপস্থিতিতেই বিচারকার্য পরিচালনার সুযোগ রয়েছে। সে অনুযায়ীই এ মামলার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, রায় ঘোষণার পর আপিলের জন্য ৩০ দিনের সময় রয়েছে। এই সময়ের মধ্যে সম্পত্তি বাজেয়াপ্ত বা তা নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতা থাকতে পারে। তবে আপিলের সময়সীমা শেষ হওয়ার পর রায় বাস্তবায়নে সরকারের সামনে আইনগত বাধা থাকবে না।
সদ্য সংবাদ/এসএস