চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় তার গাড়িচালক গোলাম মাওলা সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে মিতাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সময় তার গাড়িচালক সেলিমকেও গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়।
পুলিশের পক্ষ থেকে আদালতে বলা হয়, মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদে মিতার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার প্রয়োজন রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত, তাদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ এবং কথিত মিছিল ও ককটেল বিস্ফোরণের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
রাষ্ট্রপক্ষের দাবি, মামলায় আগে গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদে মিতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। রাজধানীতে সাম্প্রতিক কিছু মিছিল, বাসে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোর সঙ্গেও তার সংশ্লিষ্টতার তথ্য তদন্তে এসেছে বলে আদালতকে জানানো হয়।
তবে মিতার আইনজীবী এসব অভিযোগের বিরোধিতা করেন। তিনি রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। তার দাবি, মিতা মামলার ঘটনার সঙ্গে জড়িত নন এবং তিনি অসুস্থ।
শুনানি শেষে আদালত মিতার ছয় দিন এবং তার গাড়িচালক গোলাম মাওলা সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিল বের করার অভিযোগ রয়েছে। সেখানে সরকারবিরোধী স্লোগান এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
এদিকে মিতাকে গ্রেপ্তারের বিষয়টি পুলিশ মঙ্গলবার সকালে নিশ্চিত করে। ডিবি জানিয়েছে, গুলশান-২-এর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।
সদ্য সংবাদ/এসএস