নভেম্বরের প্রথমার্ধে দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। ৭ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নয় দিনে ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণের পাশাপাশি ৪৫টি পরিবহনে আগুন দেওয়ার তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
পুলিশ সদরদপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, এসব ঘটনায় মোট ২১টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জড়িত থাকার অভিযোগে ৫৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনাও বিস্ফোরণের শিকার হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরক নিক্ষেপের ঘটনা ঘটেছে। জনসমাগমপূর্ণ স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনা এবং পুলিশি নিরাপত্তার আওতায় থাকা এলাকাতেও এমন ঘটনা ঘটেছে। একই সময়ে বিভিন্ন ধরনের যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও সামনে এসেছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।
সদ্য সংবাদ/এজে