নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে সরকার। প্রায় ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্প থেকে ২০২৮ সালের জুনে বিদ্যুৎ উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে। কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে বছরে জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রায় ৪৪১ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ।
সোমবার (১৬ নভেম্বর) ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি) আয়োজিত প্রকল্প-সংশ্লিষ্ট এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগী সংস্থা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকল্পটি বাংলাদেশ সরকার, আইএসডিবি ও ইজিবির অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এর অর্থায়ন নিয়ে গত ৩ আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আইএসডিবির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎকেন্দ্রটির অবকাঠামো নির্মাণে বসানো হবে ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সৌর প্যানেল। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের জন্য স্থাপন করা হবে ২৬টি ইনভার্টার, ৩৩/২৩০ কেভির পাওয়ার ট্রান্সফরমার এবং দুটি সাবস্টেশন। প্রকল্পের পরামর্শক ও ইপিসি ঠিকাদার নিয়োগের কাজও শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি কেন্দ্রটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত জনবলের আবাসনের জন্য ডরমেটরি নির্মাণ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই কেন্দ্র দেশের বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অবদান বাড়ানোর পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে। কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নেও প্রকল্পটি ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে সরকারের। সোনাগাজীর ২২০ মেগাওয়াটের এই প্রকল্পকে সেই লক্ষ্যে পৌঁছানোর গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সদ্য সংবাদ/এজে