গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রেখে সংবাদমাধ্যমের কাজের পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। একই সঙ্গে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত অনিয়ম, অর্থ পাচার ও লুটপাটের প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
আন্দালিভ রহমান বলেন, গত ১৭ বছরে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন গোষ্ঠীর ঋণ অনিয়ম, অর্থ পাচার এবং আর্থিক খাতের দুর্নীতির কারণে ব্যাংকগুলো সংকটে পড়েছে। এর প্রভাব সাধারণ আমানতকারীদের ওপরও পড়ছে। এসব ঘটনার পূর্ণাঙ্গ চিত্র জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতেও অতিরিক্ত মূল্য নির্ধারণের মাধ্যমে বিপুল অর্থ অপচয় ও লুটপাটের অভিযোগ রয়েছে। বর্তমান সরকারের ওপর এসব সংকটের দায় চাপানোর পরিবর্তে এর পেছনের কারণগুলো অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সামনে আনা প্রয়োজন।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার সংবাদ প্রকাশ বা গণমাধ্যমের কার্যক্রমে হস্তক্ষেপ করছে না। তবে ভুয়া সংবাদ, বিকৃত তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার নিয়ন্ত্রণে আইনি কাঠামো কার্যকর রাখার বিষয়ে কাজ চলছে। অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর কার্যক্রম নিয়েও সরকার পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।
নিবন্ধিত সংবাদমাধ্যমের মর্যাদা নিশ্চিত করা, বিজ্ঞাপনপ্রাপ্তির সুযোগ এবং অনলাইন গণমাধ্যমের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। তাঁর মতে, একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি হচ্ছে পাঠক ও দর্শকের কাছে তার গ্রহণযোগ্যতা।
মালিকানার কাঠামো নিয়ে আলোচনার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একজন মালিকের হাতে একাধিক সংবাদমাধ্যমের মালিকানা সীমিত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এদিকে, আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বাস্তবতা অস্বীকার করে দলটির রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। ডিসেম্বর মাসে দলটির সভানেত্রীর দেশে ফেরার প্রচারণাকে তিনি রাজনৈতিক বক্তব্য হিসেবে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, এসব তৎপরতার মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে।
মন্ত্রী আরও বলেন, অতীতের রাজনৈতিক দমন-পীড়ন ও প্রতিশোধের রাজনীতির পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে গণতন্ত্রের স্বার্থে সংবাদমাধ্যমে গঠনমূলক সমালোচনা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু, সদস্য সচিব ইফতেখার মাহমুদসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এজে