তবে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ফলে মামলার পরবর্তী ধার্য তারিখগুলোতে তাকে সশরীরে আদালতে হাজির হতে হবে।
বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আসামিপক্ষের একাধিক আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ওইদিন মামলার ধার্য তারিখে হাজিরা দিতে আদালতে উপস্থিত হন আনিস আলমগীর। এ সময় তার পক্ষ থেকে স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ এবং যেকোনো সময় বিদেশ ভ্রমণের অনুমতি চেয়ে পৃথক তিনটি আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নাকচ করেন। তবে স্থায়ী জামিন ও বিদেশ যাত্রার অনুমতি সংক্রান্ত দুটি আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ১৫ জানুয়ারি দুদক আনিস আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করে। পরে ২৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন এবং ২৮ জানুয়ারি আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান।
মামলার অভিযোগ অনুযায়ী, আনিস আলমগীরের নামে প্রায় ২৫ লাখ টাকার স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ টাকার বেশি অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৯ লাখ টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া যায়। পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ মোট ব্যয় ধরা হয় ১৫ লাখ ৯০ হাজার টাকা।
সব মিলিয়ে তার মোট অর্জিত সম্পদ দাঁড়ায় ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা। এর বিপরীতে বৈধ উৎস থেকে আয় পাওয়া যায় ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। এর মধ্যে অতীত সঞ্চয়, টক শো ও কনসালটেন্সি আয়, প্লট বিক্রি এবং সঞ্চয়পত্র ও ব্যাংক সুদ অন্তর্ভুক্ত রয়েছে।
এই হিসাবে বৈধ আয়ের তুলনায় প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকার সম্পদের উৎস অপ্রদর্শিত বা অজানিত বলে উল্লেখ করে তা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়।