আইন অনুযায়ী প্রমাণিত বা কার্যকর নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ কিংবা দেনমোহরের ডিক্রি বাস্তবায়ন বন্ধ করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
সম্প্রতি বিচারপতি আবদুর রহমানের একক বেঞ্চ এ রায় দেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রায়ের অনুলিপি প্রকাশ করা হয়।
রায়ে আদালত বলেন, নাবালক সন্তানের ভরণপোষণ তার স্বতন্ত্র আইনগত অধিকার। মা-বাবার তালাকসংক্রান্ত বিরোধ দেখিয়ে কোনোভাবেই সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না।
আদালত আরও বলেন, আইন অনুযায়ী প্রমাণিত নয় এমন তালাক বৈধ নয় এবং শুধু নতুন মামলা দায়েরের অজুহাতে চূড়ান্ত ডিক্রির বাস্তবায়নও স্থগিত করা যাবে না। এ মামলায় হাইকোর্ট নিম্ন আদালতের আদেশ বহাল রেখে স্বামীকে দেনমোহরের বকেয়া এবং স্ত্রী ও নাবালক সন্তানের সব বকেয়া ভরণপোষণ পরিশোধের নির্দেশ দিয়েছেন।
আইনজীবীদের মতে, নারী ও শিশুর আইনগত অধিকার সুরক্ষায় এ রায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।