জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে নতুন কিছু উদ্যোগ বাস্তবায়ন করছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসানো হয়েছে দিকনির্দেশনামূলক বোর্ড।
জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলের উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরি, সাজিদ ভবনের নিচতলা, রফিক ভবন, ক্যাফেটেরিয়া, বিজ্ঞান ভবন ও কলা ভবনে চার্জিং পয়েন্ট স্থাপন করা হচ্ছে। এসব সুবিধা চালু হলে দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ে অবস্থানকারী শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী তাঁদের মোবাইল ফোনসহ বিভিন্ন ডিভাইস চার্জ দিতে পারবেন। বিশেষ করে জরুরি সময়ে ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ার কারণে যে সমস্যায় পড়তে হয়, তা অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও গুরুত্বপূর্ণ স্থানের অবস্থান সহজে শনাক্ত করার জন্য দিকনির্দেশনা বোর্ড স্থাপন করেছে জকসু। এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করছেন সংগঠনটির সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান। এর ফলে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থী ও বহিরাগত দর্শনার্থীদের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে বোর্ডগুলো ক্যাম্পাসের পরিবেশকে আরও গোছানো ও দৃষ্টিনন্দন করতেও ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন উদ্যোগগুলোকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাঁদের মতে, ক্যাম্পাসে দীর্ঘ সময় কাটানোর সময় মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে নানা সমস্যায় পড়তে হয়। পর্যাপ্ত চার্জিং সুবিধা না থাকায় এত দিন বিকল্প ব্যবস্থা খুঁজতে হতো। নতুন পয়েন্টগুলো চালু হলে এ ভোগান্তি কমবে।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. তারেক আজিজ বলেন, জরুরি প্রয়োজনে ফোনের চার্জ শেষ হয়ে গেলে ক্যাম্পাসে চার্জ দেওয়ার উপযুক্ত জায়গা খুঁজে পাওয়া কঠিন ছিল। এ কারণে অনেক সময় শিক্ষার্থীদের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হতো। নতুন চার্জিং পয়েন্ট স্থাপনের উদ্যোগে শিক্ষার্থীরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের মতে, চার্জিং সুবিধার পাশাপাশি দিকনির্দেশনা বোর্ডও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নতুন শিক্ষার্থী ও ক্যাম্পাসে প্রথমবার আসা ব্যক্তিরা বিভিন্ন ভবন ও প্রয়োজনীয় স্থান সহজে খুঁজে পাবেন।
জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল জানান, শিক্ষার্থীদের নিয়মিত সমস্যাগুলো বিবেচনায় রেখেই চার্জিং পয়েন্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্লাস বা অন্যান্য কাজে ব্যস্ত থাকার সময় ফোনের চার্জ শেষ হয়ে গেলে শিক্ষার্থীদের যেন ভোগান্তিতে পড়তে না হয়, সে লক্ষ্যেই ছয়টি স্থানে এ ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নতুন উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ক্যাম্পাসে বিভিন্ন কাজে দর্শনার্থীদের আসা-যাওয়া রয়েছে। তাঁদের যেন ভবন ও গুরুত্বপূর্ণ স্থান খুঁজে পেতে অসুবিধা না হয়, সে জন্য দিকনির্দেশনা বোর্ড স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণ ও ক্যাম্পাসের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে জকসু কাজ করে যাবে বলেও জানান তিনি।
সদ্য সংবাদ/এজে