আন্তর্জাতিক পর্যায়ে তরুণ নেতৃত্বের বিকাশ ও বিভিন্ন দেশের যুব প্রতিনিধিদের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে চীনে আয়োজিত একটি বিশেষ কর্মসূচিতে অংশ নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মো. ওবাইদুর রহমান।
চীনের বেইজিং ও হাইনান প্রদেশে ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে নয় দিনব্যাপী ‘ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর আ কমিউনিটি উইথ আ শেয়ার্ড ফিউচার অ্যামং নেইবারিং কান্ট্রিজ (২০২৬)’। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ৮০ জন তরুণ প্রতিনিধি অংশ নিচ্ছেন। ওবাইদুর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী।
‘রিসার্চ সেন্টার ও বিল্ডিং এ কমিউনিটি উইথ আ শেয়ার্ড ফিউচার ফর হিউম্যানিটি’ এবং ‘হাইনান ইনস্টিটিউট ফর ফ্রি ট্রেড পোর্ট স্টাডিজ’ যৌথভাবে এ আয়োজন করেছে। কর্মসূচিতে বাংলাদেশ থেকে ছয়জন প্রতিনিধি অংশ নিয়েছেন। তাঁরা হলেন একেএম মাজহারুল ইসলাম, সাদ্দাম হোসেন, মো. আবুল হাসান, মো. রিয়াজুল ইসলাম, মো. ওবাইদুর রহমান ও করিম আল জাহিন।
বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে যুক্ত হয়েছেন। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য—‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও যুব নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি’।
কর্মসূচির অংশ হিসেবে রয়েছে উচ্চপর্যায়ের আলোচনা, বিষয়ভিত্তিক ফোরাম, বিশেষজ্ঞদের বক্তব্য, বিভিন্ন প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন এবং সাংস্কৃতিক বিনিময়। এসব কার্যক্রমে অংশ নিয়ে তরুণ প্রতিনিধিরা বিভিন্ন দেশের শিক্ষাবিদ, পেশাজীবী, নীতিনির্ধারক ও যুব নেতৃত্বের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন।
আয়োজকদের লক্ষ্য, বিভিন্ন দেশের তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতায় তাঁদের ভূমিকা রাখার সক্ষমতা তৈরি করা। একই সঙ্গে বৈশ্বিক সমস্যা মোকাবিলা এবং আন্তর্জাতিক শাসনব্যবস্থা নিয়ে তরুণদের ধারণা ও অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশের তরুণ প্রতিনিধিদের জন্য আঞ্চলিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় ও নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির সুযোগ দিচ্ছে। পাশাপাশি চীনের উন্নয়ন অভিজ্ঞতা সম্পর্কে জানার এবং বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নেতৃত্বের দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।
সদ্য সংবাদ/এজে