জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিন কর্মকর্তা-কর্মচারীকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে গেছেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে তাঁদের আটক করা হয়। এ সময় কয়েকজনকে মারধর করে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
আটক ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ জুনায়েদ হোসাইন।
ঘটনার একপর্যায়ে বাংলা বিভাগের চেয়ারম্যানের কক্ষে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থাকার অভিযোগে কক্ষটি ঘিরে রাখেন নেতাকর্মীরা। পরে আটক তিনজনকে প্রক্টর অফিসে নেওয়া হয়।
ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের পরও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা দায়িত্ব পালন করছেন। তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি দীর্ঘদিন ধরে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে মনে করছেন সংগঠনগুলোর নেতারা।
ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকাও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. নাসির আহমেদ বলেন, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট তৎপরতা বা নাশকতার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় সক্রিয় রয়েছেন এবং ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। শিক্ষার পরিবেশ বজায় রাখতে অন্যান্য সক্রিয় ছাত্রসংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করার কথাও জানান তিনি।
সদ্য সংবাদ/এজে