ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে গভীর রাতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। স্টেশনটির অফিস কক্ষ লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে দরজার একাংশে আগুন ধরলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, হামলাকারীরা অফিস কক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা ছোড়ে। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ওই সময় অফিসের ভেতরে থাকা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তিনি আরও জানান, দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দুর্বৃত্তরা কক্ষে প্রবেশ করতে পারেনি। ফলে সেখানে থাকা কর্মচারী, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র অক্ষত রয়েছে। ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, স্টেশনটিতে তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপের খবর পেয়েছে পুলিশ। এ ঘটনায় কেউ আহত হননি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।
হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস