দেশের প্রশাসনিক কাঠামোয় নতুন করে যুক্ত হচ্ছে দুটি থানা ও দুটি পৌরসভা। পাশাপাশি একটি থানার নাম পরিবর্তন এবং দুটি নবগঠিত উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানার আওতাধীন এলাকা পুনর্বিন্যাস করে মাতামুহুরী উপজেলায় নতুন ‘মাতামুহুরী থানা’ গঠন করা হবে। কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় থানাটির অবস্থান নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ থানার অংশবিশেষ নিয়ে গঠিত নবসৃষ্ট মোকামতলা উপজেলায় স্থাপন করা হবে ‘মোকামতলা থানা’।
পৌরসভা গঠনের ক্ষেত্রেও দুটি প্রস্তাবে সম্মতি দিয়েছে নিকার। এর মধ্যে বগুড়ার মোকামতলা উপজেলায় মোকামতলা পৌরসভা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর পৌরসভা গঠনের অনুমোদন রয়েছে।
অন্যদিকে, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম বদলে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত হয়েছে।
নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্থান নিয়েও পরিবর্তন এসেছে। লক্ষ্মীপুর সদর উপজেলা ভাগ করে গঠিত চন্দ্রগঞ্জ উপজেলার সদর দপ্তর আগে মটবী ও চরচামিতা মৌজায় স্থাপনের প্রস্তাব ছিল। নতুন সিদ্ধান্তে হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর ও হাজিরপাড়া মৌজায় দপ্তরটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
একই ধরনের পরিবর্তন আনা হয়েছে কুমিল্লার বাঙ্গরা উপজেলার ক্ষেত্রেও। মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত এ উপজেলার সদর দপ্তর আগে খামারগ্রাম মৌজায় স্থাপনের প্রস্তাব করা হয়েছিল। এখন বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দক্ষিণ বাঙ্গরা মৌজায় সদর দপ্তর স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এসেছে। আর পৌরসভা গঠন এবং উপজেলা প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো উত্থাপন করেছে স্থানীয় সরকার বিভাগ।
সদ্য সংবাদ/এসএস