মাদক কারবার, পাহাড় কাটা ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগের প্রতিবাদ জানিয়ে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শেরপুরের ঝিনাইগাতী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম রোমান। অন্যায় ও অনিয়মের সঙ্গে আপস না করার কথা জানিয়ে দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) একটি জানাজার নামাজে বক্তব্য দেওয়ার সময় নিজের এ সিদ্ধান্তের কথা জানান রোমান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অব্যাহতির ঘোষণা ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
নিজের বক্তব্যে রোমান দাবি করেন, ৫ আগস্টের পর এলাকায় অপরাধ, দুর্নীতি ও মাদকের বিস্তার কমবে বলে প্রত্যাশা করেছিলেন তিনি। কিন্তু বাস্তবে ঝিনাইগাতীতে মাদক কারবার ও পাহাড় ধ্বংসের মতো কর্মকাণ্ড বন্ধ হয়নি। এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাঁকে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে।
রোমানের অভিযোগ, স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার ইন্ধনে তাঁর ওপর হামলা চালানো হয়। ওই ঘটনায় তিনি প্রাণে বেঁচে গেলেও তাঁর মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়। পরে এ ঘটনায় থানায় মামলা করতে গিয়েও রাজনৈতিক প্রভাবের কারণে অভিযোগ দায়ের করতে পারেননি বলে দাবি করেন তিনি।
উল্টো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগ্রহ করা ভাঙচুরের ছবি সম্পাদনার মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন রোমান। তাঁর দাবি, হাসপাতালে মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় তাঁর কাকাকেও মামলার আসামি করা হয়েছে।
রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পেছনে পারিবারিক অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি। রোমান জানান, তাঁর মামা আনিসুর রহমান কালু কাংশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর জীবনের শেষ সময়ে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা ও খোঁজখবর পাননি বলে তাঁর অভিযোগ।
রোমানের ভাষ্য, দলের দুর্দিনে নিজের সংসারের অর্থ ব্যয় করে রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন তাঁর মামা। রাজনৈতিক কারণে কারাবরণও করেছেন তিনি। অথচ অসুস্থ অবস্থায় শেষ সময়ে তাঁর পাশে দাঁড়ানোর মতো মানুষের অভাব ছিল।
রাজনীতি ছাড়ার সিদ্ধান্তকে ব্যক্তিগত কোনো বিরোধের বহিঃপ্রকাশ নয় বলে উল্লেখ করে রোমান বলেন, বিবেক, আত্মসম্মান ও ন্যায়বোধ থেকেই তিনি এ পথ বেছে নিয়েছেন। দলীয় পরিচয়ের চেয়ে সত্য এবং পদ-পদবির চেয়ে মানবিকতাকে বেশি গুরুত্ব দেন বলেও জানান তিনি।
এদিকে বিষয়টি নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন বলেন, রবিউল ইসলাম রোমানের কোনো লিখিত পদত্যাগপত্র এখনো তাঁর হাতে পৌঁছায়নি। কেউ স্বেচ্ছায় রাজনীতি করতে না চাইলে সংগঠন তাকে বাধ্য করবে না। দু-একজন নেতা দল ছাড়লে সংগঠনের বড় ধরনের ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সদ্য সংবাদ/এজে