পাহাড়ঘেরা কাপ্তাই লেকের নীল জলরাশিতে অনুষ্ঠিত হলো ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। সোমবার (১৬ নভেম্বর) সকালে রাঙামাটিতে আয়োজিত এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফয়সাল। নারী বিভাগে সেরা হয়েছেন একই বাহিনীর মোছাম্মৎ মুক্তি খাতুন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন ২০ জন সাঁতারু। তাঁদের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা ১৮ জনের পাশাপাশি ছিলেন স্বাগতিক রাঙামাটির দুই প্রতিযোগী।
প্রতিযোগিতার পুরুষ বিভাগে সাঁতারুদের পাড়ি দিতে হয় ১০ কিলোমিটার পথ। আর নারী বিভাগের দূরত্ব ছিল ৮ কিলোমিটার। কাপ্তাই লেকের মগবান টিলা এলাকা থেকে শুরু হওয়া সাঁতার শেষ হয় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন পর্যটন অবতরণ ঘাটে।
পুরুষ বিভাগে ফয়সালের পর দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা। তৃতীয় হন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ। নারী বিভাগে মুক্তি খাতুনের পর দ্বিতীয় অবস্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন নৌবাহিনীর সোনিয়া আক্তার।
সকালে প্রতিযোগিতার উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফি।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ নৌবাহিনী, জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে শহীদ শুক্কুর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ ছাড়া সফলভাবে সাঁতার শেষ করা প্রত্যেক প্রতিযোগীকেও সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, পার্বত্য চট্টগ্রামে সাঁতারের অনেক প্রতিভা রয়েছে। যথাযথ পরিচর্যা ও প্রশিক্ষণ পেলে এসব সাঁতারু আন্তর্জাতিক পর্যায়েও দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক মানে গড়ে তুলতে নৌবাহিনী কাজ করছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ কর্মসূচির আওতায় প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সদ্য সংবাদ/এজে