দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৭ নভেম্বর) শহরে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির জেলা, উপজেলা ও পৌর ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচির শুরুতে শহরের বিভিন্ন সড়কে প্রতিবাদ মিছিল করেন নেতাকর্মীরা। পরে মিছিলটি পথসভায় রূপ নেয়। এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক ও সামছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এ ছাড়া জেলা কমিটির সদস্য ও বিভিন্ন উপজেলা এবং পৌর ইউনিটের আহ্বায়ক, সদস্য সচিবসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, দিরাই, শাল্লা, শান্তিগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতারাও ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
সদ্য সংবাদ/এজে