তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়ায় মালিকপক্ষের প্রস্তাবের জন্য অপেক্ষা করতে হচ্ছে আরও কয়েক দিন। মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই শ্রমিকদের নতুন বেতন কাঠামো নিয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরবেন মালিকপক্ষের প্রতিনিধিরা।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর শ্রম অধিদপ্তরে বোর্ডের সভাটি হওয়ার কথা ছিল। তবে বোর্ডের এক সদস্য অসুস্থ হয়ে পড়ায় অনিবার্য কারণ দেখিয়ে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়। সভা স্থগিতের পর মালিক ও শ্রমিক—দুই পক্ষই দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান জানায়। পরে ২৩ নভেম্বর সভার দিন নির্ধারণ করা হয়।
গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন। ওই সময় মালিকপক্ষ নিজেদের প্রস্তাব চূড়ান্ত করতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সোমবারের সভায় সেই প্রস্তাব উপস্থাপনের কথা থাকলেও বৈঠক পিছিয়ে যাওয়ায় তা এখন ২৩ নভেম্বর জানানো হবে।
পোশাক খাতে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার নতুন করে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর শ্রমিকদের মধ্যে কাজে ফেরার প্রবণতা দেখা যায়।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। তখন আগের ৮ হাজার টাকা থেকে ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। ওই বছরের ডিসেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর হয়। চলতি নভেম্বর মাসে সেই মজুরি কাঠামোর মেয়াদ শেষ হওয়ার কথা।
সদ্য সংবাদ/এজে